বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৩

অদৃষ্ট


দুই আঙ্গুলে গুনে দেখলে সেই কুড়িটা
অথচ কত যুগ ধরে অঙ্ক কষেই চলেছি;

#

লম্বা করিডোর পেরিয়ে
কষ্টেসৃষ্টে সবকটা সিড়ি ভেঙে
যেদিন পৌছলাম স্বপ্নের চিলেকোঠায় -
বুঝেছিলাম, এই মাসেও দুটো পক্ষ
আর এতদিন অপেক্ষার পর
আজ অমাবস্যা ।

#

জানতাম আমি বরাবরই অঙ্কতে ভীষন কাঁচা।

শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৩

সতর্কতা


পাহাড়ের বুক চিরে কিছু আঁকিবুকি
ভেসে আসা কয়েকটা মুহুর্ত
শবদেহ হয়ে আছে,
অথচ সর্বত্র আজ বসন্তের হোলী!

এখনও সময় আছে, তুলে নাও তুলি -
স্বপ্নের মাঝে ঘসে ঘসে
রঙীন করে তোলো তোমার জীবনী
চিহ্ন রেখে যাও, বেঁচে আছো
পাপপূণ্য নয়, বেঁচে আছো - এটুকু জানাতে
সব ভুলে ছুটে যাও সামনের দিকে;

পাহাড়ের সীমা ছেড়ে এবার
ছুটে যাবে অবসন্নতার দিকে

তোমায় সংহার করে শোধ নেবে বলে।

শুক্রবার, ২৫ জানুয়ারি, ২০১৩

রিপাবলিক ডে


মাতঙ্গিনী হাসছে
মাতঙ্গিনী মাপছে
পতাকা হাতে স্বাধীনতার জলোচ্ছাস

লালপাগড়ি মিলিয়ে গেছে ...

বিকেল পাঁচটায় আরো একটা মিছিল
কালো ব্যাজ মৌনমুখে
গান্ধীবুড়ি অদৃশ্য

লালপাগড়ি  মিলিয়ে গেছে ...

ধার ঘেঁসে আজ ফিসফিসানি
একটু আড়াল
হলদে গোলাপ
মুখভর্তি খুশির হাসি

স্বাধীনতার আজ অন্য মানে
নেপথ্যে সমাজ
পরিনত আধুনিকতার টানে

লালপাগড়ি ছিল ইতিহাসে ...

মাতঙ্গিনী অবাক হয়
আজকের স্বাধীনতা তবে
সে স্বাধীনতা নয়!